যাজ্ঞসেনী কথা

কুরুক্ষেত্র যুদ্ধ প্রান্তর –
ধর্মযুদ্ধ সমাপ্তির পথে।
লোহিত পানে মেদিনী
অতি সিক্ত, শ্রান্ত বিহ্বল,
চতুর্দিকে হাহাকার,
মৃত্যু হেথা খেলা করে
জীবনের সাথে –
প্রতি নিয়ত, প্রতি পল।

সূর্য বুঝি যায় অস্তাচলে,
গোধূলি সমাগত প্রায়।
অকস্মাৎ রথচক্র ছুটে চলে!
প্রান্তরে প্রবেশিলা মহারাজ্ঞী!
দৃষ্টিপাতে দাবানল,
প্রতিশোধের অগ্নি জ্বেলে
লক্ষ্য নাতিদূরে স্থির
পিশাচপ্রায় এক মনুষ্য-মূর্তি |

ধীরে প্রকট হয় দৃষ্টি –
রুধিরস্নাত দ্বিতীয় পাণ্ডব,
পদতলে পাপী দুঃশাসন,
কণ্ঠে আহবান ভীমগর্জনে,
“এস প্রিয়া, পূর্ণ করো পণ,
পাপিষ্ঠ রুধিরে সিক্ত করি কেশ
বাঁধবো বেণী নিজ হস্তে
সাজাবো তোমারে যতনে |”

অশ্রুধারায় ভিজে যায়
বহুযুগের শুষ্কতা।
বর্ষণপিয়াসী ধরিত্রীর বুকে
যেন শাওন ঘনঘটা!
ভূলুন্ঠিতা ক্রন্দনরতা রানী!
এ অশ্রু প্রতিশোধের।
নারীনির্যাতনকারী পাপিষ্ঠদল –
সাবধান যুগে যুগে!
চিরজাগ্রত নারীসত্তা
আমি সেই যাজ্ঞসেনী ।।

রচনা – জয়তী ব্যানার্জি

Leave a Reply

Discover more from Shobdo

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading