এইখানে এক চিলতে শান্তি আছে।
এইখানে রোদ্দুরেরা
নরম ছায়ায় ঘেরে মন।
এইখানে ঝড় বৃষ্টি মাধবীলতার গায়ে
চুঁইয়ে চুঁইয়ে ঝরে কিছুক্ষণ।
এইখানে এক চিলতে শান্তি আছে ।
এইখানে মাথার ওপর,
সুখের আঁচল ওড়ে।
রাত্রি শেষে পায়রারা, মোরোগেরা
জোটবদ্ধ হয়ে,
দিনকে উন্মুক্ত করে।
এইখানে এক চিলতে শান্তি আছে ।
এইখানে সন্ধ্যায় কাঠের উনুন ধোঁয়ায়
তরতাজা রুটির গন্ধ ।
টিমটিমে লালটেম,
পোড়া তেল হ্যারিকেন । তাও
এইখানে এক চিলতে শান্তি আছে।
মিছিলের উদ্দামতা শেষ হয়
ক্ষুধার্ত সৈনিকের পেটে।
গরম গরম রুটি,
কাঁচালঙ্কা পিঁয়াজের সাথে
একবাটি ডালের চুমুক,শান্তি আছে।
তারপর রাত্রিবেলা, তেলচিটে
ছেঁড়া খোঁড়া বিছানায়
কর্মক্লান্ত ধোঁয়া ধৌত নারী,
দিনান্তের শান্তি আনে।
কবি – চিন্ময় চক্রবর্তী (নীলকণ্ঠ ফেরিওয়ালা)
