ভালোবেসে ভালোবাসা
পাখি আর গাছ
পাখি সুধায় গাছকে, “তুমি আমায় ভালোবাসো ?”
“সারাদিনের ক্লান্তির অবসানে, ডানা দুটো বুকের কাছে রেখে,
শ্রান্ত দেহ নিয়ে যখন আমার ডালে ঘুমিয়ে পর’, তখন
আমি তোমাকে ভালোবেসে ভালোবাসি।”
গোলাপ আর বৃন্ত
গোলাপ প্রশ্ন করে বৃন্তকে, “তুমি আমায় ভালোবাসো ?”
“মৃদু হাওয়ায় তুমি যখন দেহ দোলাও, বৃষ্টির ফোঁটায় স্নান করো,
সূর্যের আলোয় রঙিন সাজে সেজে ওঠো, তখন
আমি তোমাকে ভালোবেসে ভালোবাসি।”
নদী আর বৃষ্টি
নদী বৃষ্টির কাছে জানতে চায়, “তুমি আমায় ভালোবাসো ?”
“শূন্য হয়ে, তৃষ্ণা বুকে নিয়ে, যখন তুমি আমার জলে প্লাবিত হয়ে
শিশুর মত মেতে ওঠো, নেচে ওঠো, তখন
আমি তোমাকে ভালোবেসে ভালোবাসি।”
পরিশেষে, মন আর আমি
মন প্রশ্ন করল আমায়, “তুমি আমায় ভালোবাসো ?”
“কঠিন, রূঢ় বাস্তবের সাথে যুদ্ধ করে, একটুও ভেঙে না পরে,
যখন তুমি মানুষ আর প্রকৃতি নিয়ে লেখো, তখন
আমি তোমাকে ভালোবেসে ভালোবাসি।”
অল্প দুঃখ
সেদিন…
সেদিন ভরা বরষা, জলে থই থই উঠোন,
একখানি খেলনা নৌকার ছিল খুব প্রয়োজন।
চেয়েছিলাম, কিন্তু পাইনি!
কেঁদেছিলাম, কিন্তু পায়ে পড়িনি।
পরের দিন…
পরের দিন রোদ উঠেছিল,
উঠোনের সব জল শুকিয়েছিল ।
নৌকার কথা একেবারেই ভুলেছিলাম –
আসলে হয়ত বড় হচ্ছিলাম ।
এর পর…
এর পর অনেক বছর কেটে গেছে –
অনেক বৃষ্টি, অনেক বড় বড় দুঃখ এসেছে, গেছে ।
সেই নৌকার কথা মনে পরেনি আর !
আজ এই অল্প বৃষ্টির দিনে সেই অল্প দুঃখটা ফিরে এল আবার ।।
রচনা – অন্বেষ মুখোপাধ্যায়
